কনস্ট্যানটাইনকে উৎসাহ দিতে আজ ইস্টবেঙ্গলে আসছেন বাইচুং
ইংল্যান্ডের বারি এফসি-তে খেলে ফেরার পর ভারতীয় দলে স্টিফেন কনস্ট্যানটাইন ছিলেন তাঁর প্রথম কোচ। সেই স্টিফেন এখন ইস্টবেঙ্গলের কোচ। তাই কলকাতায় এসেই তাঁর সঙ্গে দেখা করতে আজ ইস্টবেঙ্গলে যাবেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)।
ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রেসিডেন্ট পদে কে বসবেন, তা ঠিক হবে শুক্রবার। স্বাভাবিকভাবেই মারাত্মক ব্যস্ত ভারতের ফুটবল আইকন। দেখতে পারেননি ডার্বি। যদিও মন পড়ে ছিল যুবভারতীতেই। ম্যাচ শেষ হওয়া মাত্রই ফোন করে জানতে চেয়েছেন খেলার ফল। মঙ্গলবার সকালে সিকিম থেকে কলকাতায় আসছেন । আর বিকেলেই ইস্টবেঙ্গল মাঠে যাবেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সঙ্গে দেখা করতে। উদ্বুদ্ধ করতে চান লাল-হলুদ ফুটবলারদেরও। কারণ ডার্বি খেলার অতীত অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে, এই সময় ফুটবলাররা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সেইজন্য এই মুহূর্তে লাল-হলুদ ফুটবলারদের উৎসাহিত করা ভীষনই জরুরি। আর তাই আজ লাল-হলুদ তাঁবুতে যাবেন বাইচুং।














Leave A Comment